ইরাকে ঘর ছেড়ে পালাচ্ছে খ্রিস্টানরা
ইরাকে নিজ আবাসভূমি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দখলে যাওয়ার পর ওই দেশের খ্রিস্টান জনগোষ্ঠীর এক চতুর্থাংশ বাসিন্দা পালিয়ে বেড়াচ্ছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতভর লড়াইয়ের পর কুর্দি বাহিনীর কাছ থেকে নেনিভাহ প্রদেশের কারাকোস এলাকার দখল নেয় জঙ্গিরা।
তারা বৃহস্পতিবার কুর্দিস্তানের রাজধানীর দিকে এগিয়ে যাওয়ার অভিযান শুরু করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
সংবাদ সংস্থাটির একজন ফটোগ্রাফার বলেন, তিনি জঙ্গিদেরকে কুর্দি আঞ্চলিক সরকারের সদর দপ্তর হিসেবে পরিচিত আরবিল শহরে থেকে খানিকটা দূরের একটি তল্লাশি চৌকি নিয়ন্ত্রণ করতে দেখেছেন। সেখান থেকে মাত্র ৩০ মিনিটের গাড়িপথের দূরত্বেই শহরটি অবস্থিত।
ইতোমধ্যে ইসলামিক স্টেটের হাত থেকে বাঁচতে পাহাড়ি এলাকায় আটকা পড়া ইয়াজেদি মতাবলম্বী ৫০ হাজার ইরাকিকে উদ্ধার করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
আইএস ইরাক ও সিরিয়ার বড় এলাকার দখল নিয়ে সেখানে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে চারশ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত নিনেবাহ এলাকায় দেশটির অধিকাংশ ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস।
আইএস গত জুনে ইরাকের মসুল এলাকার দখল নেয়ার পর থেকে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে বলে বিবিসি জানায়।
এদিকে বৃহস্পতিবার
* রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত একটি এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।
* মসুল এলাকায় ট্রাইগ্রিস নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ বাঁধের দখল নেয়ার দাবি করেছে আইএস। তবে কুর্দি সেনাবাহিনী বলছে, এলাকাটি এখনো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।
*উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে একটি শিয়া মসজিদের কাছে অপর একটি গাড়িবোমা বিস্ফোরণে মারা গেছে ছয়জন।
খ্রিস্টানদের দুর্ভোগ
প্যারিসভিত্তিক একটি খ্রিস্টান সংগঠন দাবি করেছে, জঙ্গিদের ভয়ে নেনিভাহ এলাকায় বড় একটি জনগোষ্ঠী নিজ বাসস্থান ছেড়ে পালিয়েছে।
প্রায় এক লাখ মানুষ পাশের স্বায়ত্ত শাসিত কুর্দিস্তানে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই অঞ্চলের সঙ্কট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস।
