২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দিদের প্রতিরোধের মুখে ইসলামিক স্টেট

ইরাকের মসুল শহরে জঙ্গিদের ওপর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 12:24 AM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বুধবার ওই শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি জেলখানায় ওই হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ড্রোন বা চালক বিহীন বিমান থেকে ওই হামলা হয়েছে বলে কয়েকটি খবরে বলা হলেও কারা ওই হামলা চালিয়েছে তা উল্লেখ করা হয়নি।

নিহতদের মধ্যে জঙ্গিদের হাতে আটক ওই কারখানার কিছু বন্দীও রয়েছেন।

ইরাকের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, ওই হামলায় অন্তত ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। হামলার পর প্রায় তিনশ’ বন্দী পালিয়ে আসতে পেরেছে।

এদিকে স্বায়ত্তশাসিত কুর্দিদের পেশমারগে বাহিনীও বুধবার মসুলের পূর্বাঞ্চলীয় আরবিল জেলায় ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর ভারী অস্ত্রের হামলা চালিয়েছে।

আগের কৌশল পরিবর্তন করে অত্মরক্ষামূলক অবস্থান থেকে এখন আক্রমণাত্মক কৌশলে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন পেশমারগে বাহিনীর একজন মুখপাত্র।

পেশমারগের মুখপাত্র  জাব্বার আওয়ার রয়টার্সকে বলেন, “আমরা আত্মরক্ষার কৌশল পরিবর্তন করে এখন প্রতিরোধমূলখ কৌশল নিয়েছি। এখন মাখমুর অঞ্চলে ইসলামিক স্টেটের সঙ্গে আমাদের সংঘর্ষ চলছে।”

ক্ষুদ্রজনগোষ্ঠী অবরুদ্ধ

ইরাকে দখলদারিত্বের লড়াইয়ের কারণে মসুলের পার্বত্য এলাকায় স্থানীয় ক্ষুদ্র জাতীগোষ্ঠী ইয়াজেদি ধর্মাবলম্বীদের অন্তত ৫০ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে বলে কুর্দি নেতারা জানিয়েছেন।

কিছুদিন আগে সিনজার শহর ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে যাওয়ার পর সামান্য খাবার আর পানীয় নিয়ে ইয়াজেদিরা পাহাড়ি এলাকায় পালিয়ে গিয়েছিলেন।

জাব্বার আওয়ার জানান, “পালিয়ে যাওয়াদের রক্ষার জন্য জরুরি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তাদের অনেক বৃদ্ধ ও শিশু ইতোমধ্যেই মারা গেছে।

মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধের কারণে ইতোমধ্যেই ৪০ ইয়াজেদি শিশু নিহত হয়েছে বলে তারা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন।

ইয়াজেদি?

* ইরাক, সিরিয়া ও ককেসীয় এলাকায় বসবাসকারী একটি স্বতন্ত্র ধর্মগোষ্ঠী।

* জরথুস্ত্রিয়ান বিশ্বাসসহ অন্যান্য কিছু পৃথক ধর্মমতে বিশ্বাস করে তারা।

* তারা সাতজন স্বর্গীয় ব্যক্তিত্বে বিশ্বাস করে যাদের প্রধান হিসেবে মনে করে মালেক তাউসকে।

* মুসলিমসহ আরো কয়েকটি ধর্মে ইয়াজেদিদেরকে শয়তানের অনুসারি হিসাবে মনে করা হয়ে থাকে।

* সারা বিশ্বে পাঁচ লাখের মতো ইয়াজেদি রয়েয়েছে, যাদের অধিকাংশই বাস করে ইরাকে।

* ২০০৭ সালে ইরাকের নিনেভাহ শহরে ইসলামি জঙ্গিদের হামলায় পাঁচ শতাধিক ইয়াজেদি নিহত হন।