আফগান সেনার গুলিতে মার্কিন জেনারেল নিহত
কাবুলের কাছে ব্রিটিশদের পরিচালিত একটি সেনা একাডেমিতে যুক্তরাষ্ট্রের এক জেনারেলকে গুলি করে হত্যা করেছে এক আফগান সেনা।
এ সময় এক জার্মান ও এক আফগান জেনারেলসহ আরো ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, র্জামান ও আফগান সেনা কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে অথবা দুপুরে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, নিহত মেজর জেনারেল হ্যারল্ড গ্রিনি আফগানিস্তানে মোতায়েন নেটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আইএসএএফ’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
বিবিসি জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক বাহিনীর প্রত্যাহার সংক্রান্ত প্রস্তুতি তদারককারী কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেলের দায়িত্ব পালন করছিলেন জেনারেল গ্রিনি।
ভিয়েতনাম যুদ্ধের পর থেকে বিদেশে নিহত যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীর্ষ কর্মকর্তা তিনি।
আহত ১৪ জনের মধ্যে জার্মান ও আফগান জেনারেল ছাড়াও সাত মার্কিনি ও পাঁচ ব্রিটিশ সেনা রয়েছেন বলে জানিয়েছেন এক আফগান কর্মকর্তা।
গুলিবর্ষণকারী আফগান সেনা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহতদের মধ্যে কারো কারো আঘাত “মারাত্মক” বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি।
যুক্তরাষ্ট্রের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি সেনাদের ওপর গুলিবর্ষণ করতে একটি হালকা মেশিনগান ব্যবহার করেছেন হামলাকারী ওই আফগান সেনা।
হামলাকারীকে “সেনা উর্দি পরিহিত সন্ত্রাসী” বলে অভিহিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঘটনার পরপরই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ করাজাই। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গঠনে সহায়তা করতেই ওই একাডেমি পরিদর্শনে এসেছিলেন আক্রান্ত বিদেশি প্রতিনিধিরা।
তালেবান বলেছে, স্বপক্ষের হামলার ঘটনায় সেনাবাহিনীতে তালেবানের ছদ্মবেশে ঢুকে পড়ার সামর্থ্যের প্রমাণ।
আফগানিস্তান থেকে পশ্চিমা দেশগুলোর সেনাদের প্রত্যাহার করার পর নেটো সেনারা আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে সক্ষম হবে কিনা, এ হামলার ঘটনায় তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
মিত্রদের মধ্যে হামলার আগের ঘটনাগুলোয় আফগানিস্তানের ৩ লাখ ৫০ হাজার সেনার শক্তিশালী নিরাপত্তা বাহিনী ও মোতোয়েন করা বিদেশি বাহিনীর মধ্যে আস্থার সঙ্কট তৈরি হয়েছিল।
এদিকে মঙ্গলবার একই ধরনের অপর এক ঘটনায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাতকিয়ায়, বিদেশি বাহিনী ও আফগান বাহিনীর ওপর এক পুলিশ সদস্যের গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হন।
