ইউক্রেইনের কাছে সামরিক মহড়া রাশিয়ার
শক্তি প্রদর্শন করতে ইউক্রেইন সীমান্তের কাছে নতুন করে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে রাশিয়া।
বিমান বাহিনীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে, সীমান্ত অঞ্চলের মধ্য ও পশ্চিমাঞ্চলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ১শ’টিরও বেশি বিমান এবং হেলিকপ্টার মহড়ায় অংশ নেবে।
মুখপাত্র ইগর ক্লিমভ বলেছেন, সামরিক বাহিনীতে সমন্বয় বাড়ানোর একাধিক পদক্ষেপের মধ্যে এই মহড়াই প্রথম পদক্ষেপ।
তবে তিনি এক্ষেত্রে ইউক্রেইনের নামই উল্লেখ করেননি।যেখানে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেইনের সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে।
রাশিয়ার নতুন এ মহড়ার পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।
ইউক্রেইন সীমান্তে রাশিয়ার শক্তিবৃদ্ধি এবং পূর্ব ইউক্রেইনের বিদ্রোহীদেরকে অস্ত্র সহায়তা দেয়ার জন্য মস্কোকে দোষারোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। কিন্তু বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।
ক্লিমভ বলেছেন, সু-২৭ এবং মিগ-৩১ জঙ্গিবিমানের মতো বিমান এবং রাশিয়ার নতুন সম্মুখসারির বোমারু বিমান সু-৩৪ এবং এমআই-৮, এমআই-২৪ এবং এমআই-২৮এন হেলিকপ্টার মহড়ায় ব্যবহার করা হবে। সেইসঙ্গে ক্ষেপণাস্ত্রের মহড়াও চলবে।
বিমানগুলো নতুন পরিসরে ভূমি এবং আকাশের বিভিন্ন লক্ষ্যে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখবে।
এ মহড়ার ব্যাপারে কোনো মন্তব্যের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
