২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে ১শ’ কোটি ডলার দেবেন মোদি

নেপালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে দেশটির উন্নয়নের জন্য নতুন করে ১শ’ কোটি ডলার স্বল্প সুদের ঋণ দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Aug 2014, 09:27 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

আইএএনএস- এর প্রতিবেদনে বলা হয়, রোববার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে মোদি নেপাল যান। রাজধানী কাঠমাণ্ডুতে পৌঁছার পর সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

দীর্ঘ ১৭ বছর পর ভারতের সরকার প্রধান হিসেবে মোদি কাঠমাণ্ডু সফর করছেন। সফরকালে প্রতিবেশী দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

দুই দিনের সফরে নেপালের মাওবাদীরাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মোদির বৈঠক কারার কথা রয়েছে বলে রয়টার্স জানায়।

নেপাল যাত্রার আগে এক বিবৃতিতে মোদি বলেন, “সফলে ব্যবসা, বিনিয়োগ, জলবিদ্যুৎ, কৃষি ও পরিবেশসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হবে।”

ক্ষমতা গ্রহণের পর ভুটানে প্রথম বিদেশ সফর করেন মোদি। ওই সফরেও প্রতিবেশী দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি।

ভারতের সহায়তায় ২০২০ সালের মধ্যে নেপাল ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। উৎপাদিত বিদ্যুৎ ভারতেই রপ্তানি করা হবে।

১০০ কোটি ডলারের ঋণ

দুই দিনের সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে ৩০ মিনিট ধরে একান্ত বৈঠক করেন মোদি। পরে নেপালের গণপরিষদে দেয়া বক্তব্যে দেশটির উন্নয়নে নতুন করে ১০০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দেন তিনি।

এর আগেও নেপালের জন্য ২৫ কোটি ডলার ‘লাইন অব ক্রেডিট’ বরাদ্দ দিয়েছিল মোদি সরকার। আগের অর্থবরাদ্দের বাইরে নতুন এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান মোদি।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নতুন করে বরাদ্দ দেয়া অর্থ অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎখাতসহ নেপালের অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে ব্যবহার করা হবে।

আই ওয়ান্ট টু ‘হিট’ নেপাল

গণপরিষদের মেম্বারদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নেপালের সার্বিক উন্নয়নের অংশীদার হওয়ার ইচ্ছার কথা জানান মোদি। এছাড়া দেশটির উন্নয়নে নিজের পরিকল্পানাও ব্যাখ্যা করেন তিনি।

নেপালের উন্নয়নের অংশীদার হতে এইচআইটি বা ‘হিট’ ফর্মুলা ঘোষণা করেন তিনি।

নেপালকে নিয়ে নিজের পরিকল্পনাকে ‘হিট’ ফর্মূলা আখ্যা দিয়ে মোদি বলেন, ‘আই ওয়ান্ট টু ‘হিট’ নেপাল। তার এমন বক্তব্যের পরই করতালি দিতে থাকেন নেপালের গণপরিষদের সদস্যরা।

পরে নিজের পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এর মানে হচ্ছে হাইওয়েজ, আই-ওয়েজ অ্যান্ড ট্রান্সওয়েজ।

“এই পরিকল্পনাটি আমার মাথায় এসেছে যে, আমি নেপালকে ‘হিট’ করব। আপনাদের অনেকেই আমার কথা শুনে প্রথমেই ঘাবড়ে যেতে পারেন, আমার বিরোধিতা করতে পারেন। তবে আমার এই কথার ব্যাখ্যা হচ্ছে…..”এভাবে নিজের ‘এইচআইটি’ বা হিট পরিকল্পনার ব্যাখ্যা দেন মোদি।

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেপালের মহাসড়ক নির্মাণে ভারত সহায়তা দেবে। এছাড়া তথ্য-প্রযুক্তির খাতের উন্নয়নেও সহায়তা দেয়া হবে যাতে নেপাল এই খাতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। ডিজিটাল যুগের সঙ্গে নেপালকে তাল মেলাতে হবে এবং প্রযুক্তির দুনিয়ার সঙ্গে যুক্ত হতে হবে।