‘ইউক্রেইনে আশু যুদ্ধবিরতি নিয়ে একমত কেরি, ল্যাভরভ’
পূর্ব ইউক্রেইনে আশু যুদ্ধবিরতি নিশ্চিত করার গুরুত্ব নিয়ে একমত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
রোববার এক ফোনালাপে তারা এ বিষয়ে সহমত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।
অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ফোনালাপে কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রীকে “রাশিয়া থেকে ইউক্রেইনে ভারী অস্ত্র সরবরাহ এবং রকেট ও গোলাবর্ষণ বন্ধ করে দ্বন্দ্ব কমাতে ভূমিকা রাখার জন্য” আহ্বান জানিয়েছেন।
ইউক্রেইনের বিদ্রোহীদের রাশিয়ার ভারী অস্ত্র সরবরাহের বিষয়টি ল্যাভরভ অস্বীকার করলেও কেরি তা মেনে নেননি বলেও দাবী করা হয়েছে।
রাশিয়ার বিবৃতিতে ইউক্রেইনের সঙ্কটকে দেশটির “অভ্যন্তরীণ দ্বন্দ্ব” বলে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেইনীয় সেনাদের সঙ্গে লড়াইরত পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলো।
অপরদিকে এসব অভিযোগ প্রত্যাখান করে সমর্থন দেয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া।
