গাজায় ফের নিহত ২৩, মৃতের সংখ্যা ৬৫০
গাজায় ইসরায়েলের হামলায় বুধবার নতুন করে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০ জনে।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা সাংবাদিকদের বলেছেন, ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৭ জন নিহত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরের খুজায়া এলাকায়।
এলাকার অধিবাসী ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ছোট শহরটির পূর্বে সীমান্ত এলাকায় দাঁড় করে রাখা ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক থেকে সেখানকার বাড়িঘরের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ করা হয়।
অধিবাসীরা সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোর প্রতি আবেদন জানিয়েছে। প্রচণ্ড গোলা হামলার কারণে এম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে পারছে না বলে জানায় তারা।
গাজাজুড়ে বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালাচ্ছে ইসরায়েলের জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, গাজার পূর্ব ও উত্তরাঞ্চলে ইসরায়েলের স্থলবাহিনী এবং হামাস যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধও চলছে।
এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬৫০ জন এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩শ’ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে।
