২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় নির্বাচনে জয়ী উয়িদোদো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জাকার্তার সাবেক গভর্নর জোকো উয়িদোদো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 12:33 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন তাকে জয়ী ঘোষণা করেছে বলে জানিয়েছে বিবিসি। ঘোষিত ফলে- জোকো ৫৩ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সেনা কর্মকর্তা জেনারেল প্রাবোউ সুবিয়ান্তো পেয়েছেন ৪৬ দশমিক ৮৫ শতাংশ ভোট।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে পিছিয়ে থাকা প্রার্থী সুবিয়ান্তো নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।

এদিন বিকালে জাকার্তায় নির্বাচন কমিশনের কার্যালয় এলাকায় সুবিয়ান্তোর শ’খানেক সমর্থক শান্তিপূর্ণ বিক্ষোভ করে। তবে ফল মেনে না নিলেও এনিয়ে সহিংস কোনো আন্দোলন করবেন না বলে জানিয়েছেন সুবিয়ান্তো।

ইন্দোনেশিয়ার গ্রাম, শহর ও নগরের যুবসমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে উয়িদোদোর। তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করে ইতোমধ্যেই ট্যুইটারে অভিনন্দন বার্তা ছড়াচ্ছেন উয়িদোদোর সমর্থকরা।

অপরদিকে, দেশটির উচ্চবিত্ত সমাজের সমর্থনপুষ্ট সুবিয়ান্তো ছিলেন সাবেক সেনা কর্মকর্তা। ইন্দোনেশিয়ার সাবেক নেতা সুহার্তোর জামাতা তিনি। মানাবাধিকার লঙ্ঘনের বেশকিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ৯ জুলাই ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হয় যাতে ভোট দেন দেশটির প্রায় ১৩ কোটি ভোটার। নির্বাচনের ফল যাই হোক তা মেনে নিতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে আহ্বান জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ য়ুধোয়োনো।

ফলের বিরুদ্ধে আদালতে যেতে চাইলে হাতে মাত্র তিনদিন সময়ে আছে সুবিয়ান্তোর। এ সময়ের মধ্যে তাকে সর্বোচ্চ সাংবিধানিক আদালতে আপিল করতে হবে। আগামী ২২ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে এ নিয়ে রুল জারি করতে পারবে আদালত।