ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকে হত্যা-ধর্ষণের অভিযোগ
উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখলের সময় হত্যা, ধর্ষণ এবং জোরপূর্বক শিশুদের বাহিনীতে ভর্তি করানোর অভিযোগে ইরাকের ইসলামি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে অভিযুক্ত করেছে জাতিসংঘ।
এক প্রতিবেদনে জাতিসংঘ বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ধরনের সহিংসতার বিবরণ তুলে ধরে।
প্রতিবেদনে ইরাকি সরকারি বাহিনী ও এর মিত্র বাহিনীগুলোকে অভিযুক্ত করা হলেও বেশিরভাগ অভিযোগই নির্দিষ্টভাবে ইসলামিক স্টেট’র বিরুদ্ধে।
চলতি বছর ইরাকের গৃহযুদ্ধে ৫৬০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলজুড়ে সুন্নি জঙ্গিগোষ্ঠী আল কায়েদার দলছুট অংশ ইসলামিক স্টেটের, যা আগে আইএসআইএল নামে পরিচিত ছিল, কয়েক মাসের দখল অভিযানের সময় “এসব যুদ্ধাপরাধের” ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
“আইএসআইএল ও এর সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতা, সরকারি চাকুরিজীবী, শিক্ষা বিষয়ক পেশাজীবী, স্বাস্থ্যকর্মীদের পরিকল্পিত গুপ্তহত্যা অব্যাহত রেখেছে, তারা নারী ও বালিকাদের বিরুদ্ধে যৌন লাঞ্ছনা, ধর্ষণ ও অন্যান্য ধরনের যৌন সহিংসতা চালিয়ে যাচ্ছে, তারা শিশুদের জোর করে তাদের বাহিনীতে ভর্তি করছে, এছাড়া অপহরণ, খুন ও ডাকাতির মতো অপকর্ম করছে,” বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
কয়েকমাসের অস্থিরতায় ইরাকে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তার সবচেয়ে বিস্তারিত বিরবণ জাতিসংঘের এই প্রতিবেদনটিতে প্রকাশ পেয়েছ।
এতে উপাসনালয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্মারকগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লুটপাটের জন্যও ইসলামিক স্টেটকে দায়ী করা হয়েছে।
এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেন, “আমরা প্রতিদিন সাধারণ ইরাকি শিশু, নারী ও পুরুষদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ পাচ্ছি, এসব মানুষকে নিরাপত্তা, জীবনের অধিকার, ঘরবাড়ি, শিক্ষা, স্বাস্থসেবা এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য সেবা থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে।”
