রাশিয়ায় কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেইনে সহিংসতা কমাতে ব্যর্থতার জন্য রাশিয়ার ওপর নতুন করে এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার দু’টি বড় জ্বালানি কোম্পানি রোসনেফ্ট এবং ও.এ নোভাটেকসহ তৃতীয় বৃহত্তম ব্যাংক গ্যাজপ্রোম ব্যাংকের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগ রয়েছে খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
নিষেধাজ্ঞার ফলে জ্বালানি কোম্পানি দুটি এখন আর যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি ঋণ পাবে না। নিষেধাজ্ঞার প্রভাবে এরই মধ্যে কোম্পানি দুটির শেয়ারের পতন হয়েছে।
এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং দু’দেশেরই ব্যবসা ক্ষতিগ্রস্ত করবে বলে হুঁশিয়ার করেছেন পুতিন। দ্বিপক্ষীয় সম্পর্ক শেষের পথেই পৌঁছে যাচ্ছে বলে তিনি সতর্ক করেন।
রাশিয়ার ভেশেকোনোমব্যাংক ভিইবি এবং কালাশনিকভ তৈরির কারখানাসহ আরো ৮ টি অস্ত্র কোম্পানির ওপরও আরোপিত হয়েছে নিষেধাজ্ঞা। তবে বড় বড় কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা হয়নি।নিত্যদিনের কাজ চালানোর জন্য স্বল্প মেয়াদের অর্থায়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোম্পানিগুলোর ব্যবসাও চালু রাখা হয়েছে।
কিন্তু নতুন নিষেধাজ্ঞার ফরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংশ্লিষ্ট ফার্মগুলোতে মধ্য ও দীর্ঘমেয়াদে ডলার সরবরাহ বন্ধ হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার কয়েকটি ফার্মের ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ার দুটো উন্নয়ন ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে তাদের নতুন ঋণ গ্রহণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এ মাসের শেষেই নতুন নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট একটি তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছে তারা।
সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেইন সঙ্কট বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে এর বিরুদ্ধে নতুন করে তৎপর হওয়ার লক্ষণ দেখাল পশ্চিমা বিশ্ব।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, তারা ইউক্রেইনের ঘটনাবলীর জন্য বদলা নেয়ার আদি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলের কাছে ইইউ নতি স্বীকার করছে বলেও মন্তব্য করেছে মস্কো।
