গাজায় হামলা: প্রতিবাদে শামিল ইসরায়েলি শিক্ষার্থীরাও
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রছাত্রীরা।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশ করে তারা এ দাবি জানায়। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন- এমন ইসরায়েলি ছাত্রছাত্রীরাও এতে অংশ নেন।
যুক্তরাষ্ট্রে আরব ছাত্র ইউনিয়নের সভাপতি ও নিউ ইয়র্কের জন জে কলেজের ক্রিমিনাল জাস্টিসের ছাত্রী মারিয়াম করিম সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের মাধ্যমে এই সমাবেশের ডাক দেন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ব্রিটেন, ইটালি ও যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই বিক্ষোভ-সমাবেশে।
তারা গাজায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা এবং হত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মারিয়াম করিম ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রী ও সংগঠক হাওডা চাকরান, বার্না ইলোনি, রাব্বি ওয়াইস, সুজি আবদেল, আইমান এল সাওয়া সমাবেশে বক্তব্য দেন।
ইসরায়েলি ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, সেদেশের সন্তান হলেও গাজায় এই বর্বর হামলাকে তারা সমর্থন করেন না।
বিক্ষোভ সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ভূমিকার কঠোর সমালোচনা করে বলা হয়, গাজায় আর কতো ফিলিস্তিনি শিশু ও নারীর প্রাণ গেলে জাতিসংঘ সোচ্চার হবে?
সমাবেশে অংশ নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওসমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশু ও নারীদের ওপর বর্বরোচিত হামলাকে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড বিবেচনা করে অবিলম্বে যুক্তরাষ্ট্র প্রশাসনের পদক্ষেপ নেয়া উচিত।"
