২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে `নিহত ৮৯'

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে একটি ব্যস্ত বাজারে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮৯ জন নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 04:15 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জাহির আজিমি বিবিসি’কে বলেন, ধ্বংসস্তুপের নিচ থেকেই বেশির ভাগ লাশ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৪২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান সীমান্তের কাছেই পাকটিকার অরগুন এলাকার বাজারে এ বোমা হামলা হয়। সেখানে হাক্কানি জঙ্গি নেটওয়ার্ক বেশ তৎপর। তবে মঙ্গলবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের সেনারা উত্তর ওয়াজিরিস্তানে তালেবান যোদ্ধাদের আস্তানাগুলোতে হামলা চালিয়ে আসছে। অভিযানের মুখে সীমান্তপথে আফগানিস্তানে পালিয়ে যায় জঙ্গিরা।

স্থানীয় পুলিশ প্রধান নাসির আহমেদ আব্দুলরহিমজাই বলেন, পুলিশ আগেই গাড়িটিতে বিস্ফোরক থাকার খবর পেয়েছিল। পেছন থেকে ধাওয়া করার এক পর্যায়ে এটি বিস্ফোরিত হয়।

“বিস্ফোরণটি এত বিকট ছিল যে আশেপাশের অনেক দোকান বিধ্বস্ত হয়ে যায়। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু মানুষ,” বলেছেন, প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাজা খারোতি।

তিনি বলেন, “আহতের সংখ্যা ১শ’ ছাড়িয়ে যেতে পারে। নিহতের সংখ্যাও বাড়তে পারে”।

আফগানিস্তান থেকে এ বছরের শেষ নাগাদ বিদেশি সেনা প্রত্যাহারের অন্তিম সময়ে বোমা হামলার এ ধরনের ঘটনা ঘটছে। সহিংসতা বাড়তে থাকায় এ বছরের প্রথমার্ধে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা প্রায় এক চতুর্থাংশ বেড়ে গেছে বলে গত সপ্তাহে জানিয়েছে জাতিসংঘ।

ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচন নিয়েও রাজনৈতিক টানাপোড়েন চলছে। বিরোধের কারণে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দ্বিতীয় দফার গণনা করা হচ্ছে। আগামী ২২ জুলাই ভোটের ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের মাত্র এক সপ্তাহ আগেই এ ধরনের হামলার ঘটনা ঘটল।

চলতি বছরের শেষের দিকে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়লে তাদের সহযোগিতা ছাড়া দেশটিতে জঙ্গি মোকাবেলায় নিজস্ব নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে সংশয় আছেন বিশ্লেষকরা।