২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সিনাইয়ে রকেট হামলায় নিহত ৮

মিশরের সিনাই উপদ্বীপের ইসরায়েল সীমান্ত এলাকার একটি শহরে তিনটি রকেট হামলায় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jul 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক রকেট বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, রকেটটি উত্তর সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর মূল দপ্তর লক্ষ করে ছোঁড়া হয়েছিল। কিন্তু লক্ষ্যস্থলে না পড়ে এটি আল আরিশ শহরের একটি জনাকীর্ণ বাজারে গিয়ে আঘাত হানে। এতে বাজারে থাকা ওইসব বেসামরিক নাগরিক নিহত হন।

এ হামলায় কয়েক মিনিট পর আল আরিশে নিরাপত্তা বাহিনীর একটি ইউনিটে দুটি রকেট আঘাত হানলে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অপর সাতজন আহত হন।

২০১৩ সালে মিশরের ইসলামপন্থী নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইভিত্তিক ইসলামি জঙ্গিরা মিশরের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাতে শুরু করে।

এসব হামলায় কয়েকশ’ মিশরীয় সেনা ও পুলিশ নিহত হয়েছেন।

মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাবেক জেনারেল আব্দেল ফাত্তা আল সিসি ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।