২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের গোলায় রুশ নিহত, মস্কোর হুঁশিয়ারি

ইউক্রেইন থেকে ছোড়া গোলায় রাশিয়ার সীমান্তবর্তী রোস্তোভ অঞ্চলে দুটি বাড়ি বিধ্বস্ত হয়ে এক রুশ নিহত এবং দুই নারী আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 09:08 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

ইউক্রেইন সরকারকে এ ঘটনার জন্য মারাত্মক পরিণতি ভোগের হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলা উস্কে দেয়ার জন্য ইউক্রেইনের সরকারি বাহিনীকে দায়ী করা হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা রোববার সীমান্ত এলাকায় ওই গোলা হামলার খবর জানায়। কিন্তু ইউক্রেইন কর্তৃপক্ষ এমন কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

ইউক্রেইনের নিরাপত্তা পরিষদের মুখপাত্র আন্দ্রিয়ে লাইসেঙ্কো বলেছেন, তাদের বাহিনী রাশিয়ার ভূখন্ডে হামলা চালাচ্ছে না।

ওদিকে, রোস্তোভের আঞ্চলিক সরকারের মুখপাত্র অ্যালেক্সান্ডার তিতোভ ইতার তাস বার্তা সংস্থাকে বলেন, “মস্কোর স্থানীয় সময় সকাল প্রায় ৯ টা ২০ মিনিটের দিকে ইউক্রেইনের দিকে থেকে দোনেস্কে দুটো বাড়িতে গোলা হামলা হয়। এতে রাশিয়ার এক নাগরিক নিহত হয়েছেন”।

গত শনিবার ইউক্রেইনের যুদ্ধবিমানগুলো দেশের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর বোমা হামলা করেছে। রোববার রাশিয়ার ভূখন্ডে গোলা হামলায় দুই নারী আহত হওয়ার কথা জানিয়েছে এক চিকিৎসা সূত্র।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গ্রিগোরি কারাসিন রাশিয়ার ভূখন্ডে হামলার ঘটনাটিকে রাশিয়ার নাগরিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করেছেন।