ত্রিপোলি বিমানবন্দরের কাছে তীব্র লড়াই চলছে
লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রচণ্ড লড়াই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা।
রোববার সকালে শুরু হওয়া এ লড়াইয়ে কে কার সঙ্গে লড়ছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ত্রিপোলি বিমানবন্দরের দিকের সড়কে ও শহরের অন্যান্য এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
লড়াইয়ের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ ত্রিপোলি থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে। পাশপাশি তুর্কি এয়ারওয়েজও তাদের ইস্তাম্বুলগামী ফ্লাইট বাতিল করেছে।
ত্রিপোলি বিমানবন্দরের মূল টার্মিনালের কাছের পার্কিং এলাকায় বেশ কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোর সূত্রে জানা গেছে।
২০১১ সালে নিহত সাবেক শাসক মুয়াম্মাম গাদ্দিফির পতনের পর থেকে বিমানবন্দরটি দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনতানের বেসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রায়ই অন্যান্য বেসামরিক বাহিনীগুলো তাদের চ্যালেঞ্জ জানিয়ে থাকে।
