ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পাসাডেনায় এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার এক পর্যায়ে বন্দুকধারী হামলাকারী ৩৫ বছর বয়সী জন ইজেল স্মিথ পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।
পাসাডেনা পুলিশের কর্মকর্তা ভাসকেন গুরদিকিন জানিয়েছেন, একটি লোক বাড়িতে প্রতিবন্ধক দিয়ে রাস্তা দিয়ে যাতায়াতরতদের লক্ষ্য করে “নির্বিচার গুলিবর্ষণ” করছে, স্থানীয় বাসিন্দারা জরুরী নাম্বারে এমন অভিযোগ জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আততায়ী পুলিশকে লক্ষ্য করেও গুলিবর্ষণ শুরু করে।
আততায়ীর অবস্থানস্থল ঘিরে ফেলে পুলিশ তাকে আত্মসমর্পণের আহ্বান জানায়। কিছু সময় অচলাবস্থা চলার পর আর কোনো ঘটনা ছাড়াই আততায়ী আত্মসমর্পণ করেন।
এরপর পুলিশ তাকে হেফাজতে নিযে যায় বলে জানিয়েছেন গুরদিকিন।
হেফাজতে আততায়ীকে পাসাডেনার বাসিন্দা ইজেল স্মিথ বলে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে তিনটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
ইজেলের গুলিবর্ষণের উদ্দেশ্য জানা যায়নি এবং পুলিশও এ বিষয়ে কিছু জানায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের কোনো পরিচয় জানা যায়নি এবং তাদের সঙ্গে হত্যাকারীর কোনো সম্পর্ক ছিল কিনা তাও জানা যায়নি।
