২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আড়াইশ বন্দি হত্যা করেছে ইরাক সরকার’

ইরাকের সরকারি বাহিনী একমাসে অন্তত আড়াইশ বন্দিকে হত্যা করেছে বলে একটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 08:07 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে দাবি করা হয়, বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলা ও দখলদারিত্বের প্রতিক্রিয়া হিসেবে গত ৯ জুন থেকে পর্যায়ক্রমে এসব বন্দিদের হত্যা করা হয়েছে, যাদের সবাই ছিলেন সুন্নি মুসলিম।

এইচআরডব্লিউ’র বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, ইরাকের মসুল, তাল আফার, বাকুবা, জুমারখে, রাওয়া ও হিল্লা এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “এসব হত্যাকাণ্ড ইরাকে যুদ্ধাপরাধ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রমাণ হতে পারে, আইএসআইএলর ধ্বংসযজ্ঞের প্রতিশোধ নিতে এমন কাণ্ড ঘটানো হয়েছে।”

গত ১০ জুন থেকে ইরাকে দখল অভিযান শুরু করে সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএল। বিভিন্ন শহর থেকে সরকারি সেনাদের হত্যা ও বিতাড়িত করে উত্তর ইরাকের বিশাল এলাকার দখল নিয়েছে তারা।

এইচআরডব্লিউ মধ্যপ্রাচ্য বিষয়ক উপ-পরিচালক জো স্টোর্ক বলেন, “বিশ্ব সম্প্রদায় আইএসআইএলর ধ্বংসযজ্ঞের যথার্থভাবেই নিন্দা করছে। তবে সরকারি বাহিনী কর্তৃক জাতিগত হত্যাকাণ্ডের বিষয়ে তারা নিরব থাকতে পারে না।” 

প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও দাবি করে মানবাধিকার সংগঠনটি।