গাজা অভিযান: চাপ ঠেকাবে ইসরায়েল
ইসরায়েল গাজায় অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ ঠেকাবে। ইসেরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একথা বলেছেন।
তিনি বলেন, ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজার ১ হাজারটিরও বেশি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে ২০১২ সালেও গাজায় একইরকম সামরিক শক্তি প্রয়োগ করে অভিযান চালানো হয়েছিল।
এবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১শ’রও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সূত্রগুলো। ওদিকে, গাজা থেকে ইসলামপন্থি হামাস যোদ্ধারাও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে ফোনে তার খুব ভাল এবং ইতিবাচক আলাপ হয়েছে।
তবে তিনি বলেন, “আন্তর্জাতিক কোনো চাপই আমাদেরকে শক্তি প্রয়োগ করা থেকে বিরত রাখতে পারবে না”। বিবিসি এ খবর দিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বিমান হামলায় নিহতদের পাশাপাশি ৬৭৫ জন আহত হয়েছে। এদের বেশির ভাগই সাধারন নাগরিক। ইসরায়েল বলেছে, নিহতদের বেশির ভাগই ‘সন্ত্রাসী’।
কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, ইসরায়েলের গাজা অভিযানে বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে হামলা না চালানো সংক্রান্ত আন্তর্জাতিক আইন মানা হচ্ছে কিনা তা নিয়ে তার ‘যথেষ্ট সন্দেহ’ আছে।
এক বিবৃতিতে তিনি বলেন, বাড়িঘরের ওপর ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ সাধারণ মানুষ হতাহত হওয়ার খবর আমরা পাচ্ছি।
সাধারণ মানুষ হতাহতের ঘটনা এড়ানোর যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে ইসরায়েল বরাবরই দাবি করে আসছে। তবে জঙ্গিরা প্রায়ই আবাসিক এলাকাগুলোতে তাদের রসদ মজুদ করে রাখে বলেও ইসরায়েল মন্তব্য করেছে।
