২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ টিকেট কেলেঙ্কারি: হোয়েলান ‘পালিয়েছেন’

ব্রাজিল বিশ্বকাপের টিকেট বিক্রির দায়িত্বে থাকা ফিফার অংশীদার কোম্পানি ম্যাচ হসপিটালিটির প্রধান রে হোয়েলান গ্রেপ্তার এড়াতে রিও দি জেনেইরো থেকে পালিয়ে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

সোমবার টিকেট কালোবাজারির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল রিও দি জেনেইরোর পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ নাগরিক হোয়েলান ও অপর ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অনুমোদন করে একটি আদালত।

এরপরই তাকে পলাতক বলে ঘোষণা করে ব্রাজিলীয় পুলিশ।

পুলিশ প্রধান ফ্যাবিয়ো বারুককে বলেছেন, হোয়েলানকে দাপ্তরিকভাবে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক অপরাধী চক্র চারটি বিশ্বকাপের ভিআইপি টিকেট ও পাস অবৈধভাবে কালোবাজারি করে প্রতি বিশ্বকাপে প্রায় ৯ কোটি ডলারের মতো অর্থ হাতিয়ে নিয়েছে।

সোমবার রিও দি জেনেইরোর অভিজাত আবাসিক হোটেল কোপাকাবানা প্যালেস থেকে ৬৪ বছর বয়সী হোয়েলানকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, আর অপর ১১ জনকে এর আগে গ্রেপ্তার করা হয়।

হোয়েলানকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে হোয়েলান কোনো অপরাধের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছিল ম্যাচ হসপিটালিটি। তদন্তকাজে হোয়েলান সহযোগিতা করবেন বলেও জানিয়েছিল সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানিটি।

কিন্তু রিও’র পুলিশ জানিয়েছে, তারা কোপাকাবানা প্যালেসে হোয়েলানের রুমে গিয়ে জানতে পারেন সে রুম ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশ আসার আধঘন্টা আগেই সে রুম ছেড়ে যায় বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

হোটেলের বাইরে এসে বারুককে বলেন, “নিরাপত্তা ক্যামেরার ছবিতে আমরা দেখতে পেয়েছি, হোটেল ছাড়তে তিনি হোটেলকর্মীদের একটি দরজা ব্যবহার করেছেন।”

ব্রাজিলীয় সংবাদপত্র ও গ্লোবো পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, হোয়েলান তার আইনজীবী ফার্নান্দো ফার্নান্দেজের সঙ্গে পালিয়ে গেছেন।

আইনজীবী ফার্নান্দেজ পুলিশের কাছে হোয়েলানের আত্মসমর্পণ নিয়ে মধ্যস্থতা করছেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রথমবার গ্রেপ্তারের পর হোয়েলান তার পাসপোর্ট জমা দিয়েছেন ও বিশ্বকাপ উপলক্ষ্যে ফিফা থেকে পাওয়া অধিকার ফেরত দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

ম্যাচ হসপিটালিটি যুক্তরাজ্যের ক্রীড়া বিষয়ক ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম বাইরম এর অঙ্গপ্রতিষ্ঠান। ম্যানচেস্টারের এই কোম্পানিটি মঙ্গলবার জানিয়েছে, তদন্তকাজে পুলিশকে সব ধরনের সহায়তা করছে তারা।

এক বিবৃতিতে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফাও তদন্তকাজে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।