সিআইএ কর্মকর্তাকে বহিষ্কার করেছে জার্মানি
রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই গুপ্তচরকে চিহ্নিত করার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক কর্মর্তাকে বার্লিন ছাড়ার নির্দেশ দিয়েছে জার্মান সরকার।
বৃহস্পতিবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র এজেন্ট হয়ে কাজ করছিলেন বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে। এ কেলেঙ্কারির ঘটনায় জার্মানির রাজনীতিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩১ বছরের এক জার্মান গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া, গুপ্তচর হিসেবে চিহ্নিত হওয়া দেশটির আরেক সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে বুধবার খবর পাওয়া গেছে।
মিত্র দেশের অভ্যন্তরীণ বিষয়ে গোয়েন্দাগিরি নজরে আসার পর এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন জার্মান রাজনীতিকরা।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সেবার্ট বলেন, “যুক্তরাষ্ট্রের দূতাবাসে তাদের গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধিকে জার্মানি ত্যাগ করতে বলা হয়েছে।”
গোয়েন্দা বিভাগের দায়িত্বরত জার্মানির পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, “তাদের রাজনীতিকদের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি ও এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জার্মানির উদ্বেগের জবাব না আসায় এ ব্যবস্থা নেয়া হয়ছে।”
গত সপ্তাহে গ্রেপ্তার জার্মানির গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে নিজ দেশের গোপন তথ্য জানাত-এমন অভিযোগ অস্বীকার করেনি ওয়াশিংটন।
তবে জার্মানির প্রতিরক্ষা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এক সেনা সদস্যও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করছে বলে খবর প্রকাশ হওয়ার পর তা আরো উদ্বেগের কারণ হিসেবে দেখা যায়। নতুন করে কাউকে গ্রেপ্তার করা না হলেও প্রতিরক্ষা বিভাগকে ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে জার্মানি।
এক যুগেরও বেশি সময় ধরে কাছের মিত্র হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। তবে গত বছর যুক্তরাষ্ট্রের নজরদারির গোপন তথ্য ফাঁস করে পলাতক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের কারণে দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে।
যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যসব দেশের মতো জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলসহ দেশটির শীর্ষ রাজনীতিবিদদের ফোন ও ইমেইলে নজরদারি চালানো হচ্ছে বলে খবর দেন স্নোডেন। এর পর থেকেই তিনি দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।
তবে সম্প্রতি ধরা পড়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সু সম্পর্ক দুই দেশের জন্যই মঙ্গলজনক।
