২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিংবিদ্ধ ‘ষাঁড়বিদ’!

ষাঁড় দৌড় প্রতিযোগিতায় শিংএর গুঁতো খাওয়া থেকে বাঁচার পরামর্শ দিয়ে বই লিখেও নিজের ক্ষেত্রে তা কাজে লাগাতে পারেননি লেখক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 08:01 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

বুধবার স্পেনে একটি ষাঁড় দৌঁড় প্রতিযোগিতায় কয়েকজন আহত হন; যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের বাসিন্দা বিল হিলম্যানও (৩২) আছেন।

কয়েক বছর আগে ব্রিটিশ লেখক অ্যালেক্সান্ডার ফিসকে হ্যারিসনের সঙ্গে সহ-লেখক হিসাবে হিলম্যান ‘হাউ টু সারভাইভ দ্য রানিং অব দ্য বুল’ শিরোনামে বই লিখেছিলেন।

কিন্তু সম্প্রতি ষাঁড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেই শিং এর গুঁতোয় আহত হন হিলম্যান। তার ডান উরুতে দুবা’র শিং বিধিয়ে দেয় ক্ষিপ্র গতিতে দৌড়ে আসা ষাঁড়। এতে হিলম্যানের প্রাণনাশের আশঙ্কা না থাকলেও গুরুতর জখম হন তিনি।

ছবিতে দেখা যায়, সান ফেরমিন প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী সাদা পোশাক ও গলায় লাল রুমাল বাঁধা হিলম্যানকে গুঁতোচ্ছে কালো একটি ষাঁড়। আর তার আশপাশ ঘিরে রয়েছেন অন্যান্য প্রতিযোগীরা।

যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডেপিন্ডেন্ট’ জানায়, ওই প্রতিযোগিতায় এক স্পেনীয় এবং ব্রিটিশ নাগরিকও আহত হয়েছেন।

বুকে শিং এর গুঁতো খেয়ে মারাত্মক আহত হন স্পেনের ৩৫ বছরের এক নাগরিক। ওদিকে, বুক ও পাঁজরে মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্রিটিশ নাগরিকও।

স্পেনের পাম্পপ্লোনা শহরের সরু রাস্তায় অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে আহতরা সবাই পুরুষ। কয়েকজন নারী এতে অংশ নিলেও তারা আহত হননি। প্রতিযোগিতায় অংশ নেয়া নারীদের নামও জানা যায়নি।

ষাঁড় দৌড় প্রতিযোগিতার সময় এমন দুর্ঘটনায় অনেক সময় প্রাণহানিও ঘটে থাকে। সর্বশেষ ২০০৯ সালে মাদ্রিদের এক যুবক নিহত হয়েছিলেন।