শ্রীপুরে হামলা পাল্টা হামলা, আহত ১০
মাগুরার শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের হামলা ও পাল্টা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাজলী গ্রামে এ ঘটনার সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার এসআই শরিফুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজলী গ্রামের বাসিন্দা ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্ল্যার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা হোগলডাঙা গ্রামের পবন এবং কাবিলপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ফেরোর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তিনি বলেন, এর জেরে দুপুর ১২টার দিকে পবন ও রফিকুল ইসলামের কর্মী সমর্থকরা নুরুল হোসেন মোল্যার সমর্থকদের বাড়িঘরে সশস্ত্র হামলা চালিয়ে অন্তত ১০ জনতে আহত করে।
আহতদের মধ্যে আতিয়ার মোল্ল্যা (৫০), বকুল মোল্ল্যাকে (৫০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোকাদ্দেস (৫৫), সারমিন (১৮), নজির বিশ্বাস (৪৫) ও ঠান্ডু মোল্ল্যাকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতিয়ার মোল্ল্যার বোন সোহানা খাতুন বলেন, বেলা ১২টার দিকে পবন ও রফিকুল ওরফে ফেরোর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক অতর্কিত হামলা চালায়।
এদিকে হাসপাতালে ভর্তি বকুল মোল্ল্যা মারা গেছেন এমন গুজবে নুরুল হোসেন মোল্ল্যার সমর্থকেরা প্রতিপক্ষের অন্তত ১২ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই পক্ষে মধ্যে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই শরিফুল।
