আফগানিস্তানে আগাম ভোট গণনায় এগিয়ে গনি
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি।
১৪ জুনে দ্বিতীয় দফার নির্বাচনে গনি পেয়েছেন ৫৬ দশমিক ৪৪ শতাংশ ভোট। আর প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ ভোট পেয়েছেন ৪৩ দশমিক ৫৬ শতাংশ। নির্বাচন কমিশন একথা জানিয়েছে।
প্রথম দফা নির্বাচনের পর আবদুল্লাহই জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে ছিলেন। দ্বিতীয় দফা ভোটে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছেন তিনি। তার এ অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
আফগানিস্তান থেকে ২০১৪ সালের শেষ নাগাদ বিদেশি সেনারা চলে যাওয়ার এ গুরুত্বপূর্ণ একটি সময়ে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে।
আবদুল্লাহ এর আগে ২০০৯ সালের আফগান প্রেসিডেন্ট নির্বাচনেও ব্যাপক জালিয়াতির অভিযোগের মুখে সরে দাঁড়িয়েছিলেন।
