গুয়েতেমালা-মেক্সিকোয় ভূমিকম্পে নিহত ৩
মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছে। ভেঙে পড়েছে ঘরবাড়ি, ঘটেছে ভূমিধসও।
গুয়েতেমালা সীমান্ত অঞ্চল এবং সান মার্কোস শহরও ভূমিকম্পে প্রকম্পিত হয়। শহরটির গভর্নর লুইস রিভেরা বলেছেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী। শহরের বাসিন্দারাও আতঙ্কিত। কারণ, ২০১২ সালের নভেম্বরেই ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গিয়েছিল এ শহরকে। নিহত হয়েছিল ৪৮ জন। সেই স্মৃতি তারা এখনো ভোলেনি।
সান মার্কোস শহরে ভূমিকম্পে বহু ভবনেই ফাটল ধরেছে। জায়গায় জায়গায় ঘটেছে ভূমিধস।বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
গুয়েতেমালা এমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র সার্গিও কাবানাস বলেন, আমরা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এখন পর্যন্ত এ সবই কেবল ধারণা। আমরা এখন বিমানে করে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।
গুয়েতেমালার দমকল বাহিনীর এক মুখপাত্র জানান, সান মার্কোসের সান রাফায়েল পিয়ে ডি লা কোয়েস্টাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পে ৩০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
