আঞ্চলিক রাজধানী অবরোধ করবে ইউক্রেইন
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলমান অভিযানে বিদ্রোহীদের দখলে থাকা লুহানস্ক এবং দোনেস্কের রাজধানী অবরোধ করবে ইউক্রেইন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন।
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে পূর্বাঞ্চলের আরো দুটো শহর আরতেমিক্স এবং দ্রুজকিভকা পুনর্দখল করে নেয়ার দাবি করেছে সরকার।
এখন সরকারি বাহিনী লুহানস্ক এবং দোনেস্কের আঞ্চলিক রাজধানী অবরোধের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে শনিবারের লড়াইয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোর্স্ক পুনর্দখল করে।
ইউক্রেইনের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মাইখাইলো কোভাল দেশটির টিভি সম্প্রচারে বলেন, “পরিষ্কার একটি কৌশলগত পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনা দুটো প্রধান আঞ্চলিক কেন্দ্রকে ঘিরে। তা হচ্ছে লুহানস্ক ও দোনেস্ক। এ শহরগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। এ পদক্ষেপের ফলে বিচ্ছিন্নতাবাদীরা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হবে”।
