নতুন ইরাকি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের আহ্বান সদরের
ইরাকের শিয়া মুসলিম ধর্মগুরু মুক্তাদা আল সদর প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জোটকে তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নতুন একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাই করার আহ্বান জানিয়েছেন।
ইরাকের পার্লামেন্টে নতুন সরকার গঠন নিয়ে অচলাবস্থার মধ্যে সদর এ আহ্বান জানালেন।
সুন্নি বিদ্রোহীরা গত মাসে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে ইসলামি খিলাফত ঘোষণার পর থেকে মালিকি প্রচণ্ড চাপের মুখে আছেন।
ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে শনিবার সদর বলেন, “মালিকি তার নিজেকেসহ আমাদেরকেও নিরাপত্তাহীনতা এবং বড় রাজনৈতিক সঙ্কটে জড়িয়ে ফেলেছেন”। ফলে মালিকিকে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে না দেয়াটাই সবচেয়ে ভাল পদক্ষেপ হবে বলে পরামর্শ দেন তিনি।
আর তাই মালিকির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নতুন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচন করা দরকার বলে মত দেন সদর।
