২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি-ইয়েমেনি সীমান্তে জঙ্গি হামলায় নিহত ৬

সৌদি আরব-ইয়েমেন সীমান্তের একটি ক্রসিংয়ে এক আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Jul 2014, 12:00 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার সৌদি সীমান্তের বাদিয়া সীমান্ত চৌকির কমান্ডারকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে তিন হামলাকারী নিহত হন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।

অপরদিকে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, বাদিয়া সীমান্তের ইয়েমেনি এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সীমান্ত ক্রসিংয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে আত্মঘাতী নিজে ও এক সেনা নিহত হন এবং অপর একজন আহত হন।

হামলার পর ইয়েমেনি নিরাপত্তা বাহিনী মরুভূমির ভিতর দিয়ে দুটি গাড়িতে করে পলায়নরত জঙ্গিদের ধাওয়া করে বলে সামরিক বাহিনীর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সাবা।

এক ইয়েমেনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইয়েমেনি সীমান্ত চৌকিতে হামলার পর ধাওয়ার মুখে বন্দুকধারী জঙ্গিরা সৌদি আরবে পালিয়ে যায়।

হামলাকারীদের আল কায়েদার জঙ্গি বলে বর্ণনা করেন তিনি।

তবে সৌদি সীমান্ত চৌকিতে হামলায় জন্য কাদের সন্দেহ করা হচ্ছে সে সম্পর্কে কিছু বলেনি দেশটির বার্তা সংস্থা।

এসপিএ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হামলাকারী বন্দুকধারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন বা দুজন হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। তারা আশপাশে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

দুদেশের বার্তা সংস্থা ও কর্মকর্তাদের মন্তব্যে সীমান্তে দুপাশে চালানো দুটি হামলা একই গোষ্ঠী চালিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আল কায়েদা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী অধ্যুষিত, অস্থিরতা আক্রান্ত ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের ১৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই বিস্তৃত সীমান্তে জঙ্গি ও অপরাধীদের তৎপরতা ঠেকানোর লক্ষ্যে পুরো সীমান্তজুড়ে বেড়া নির্মাণ করছে সৌদি আরব।

দেশটির উত্তর সীমান্তে অপর পাশের ইরাকে জঙ্গিদের অব্যাহত তৎপরতায় উদ্বিগ্ন দেশটি ওই সীমান্তে নিরাপত্তা জোরাদার করার কয়েকদিনের মধ্যেই দক্ষিণে ইয়েমেন সীমান্তে এ ঘটনা ঘটল।