২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণের পরিকল্পনা ছিল যুক্তরাজ্যের

সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান ঘটাতে আধুনিক মনস্ক একলাখ বিদ্রোহীকে সামরিক প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছিল যুক্তরাজ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 10:29 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

তবে মতপার্থক্য ও লাভক্ষতির হিসাব-নিকাশের জটিলতায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়নের মুখ দেখেনি।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে ব্রিটেনের জ্যেষ্ঠ সামরিক ব্যক্তিত্ব স্যার ডেভিড রিচার্ড ওই পরিকল্পনাটি আলোচনায় আনেন।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিষয়টি বিবেচনায় নিয়েছিলেন। তবে ব্যাপারটি খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরে এর গতি শ্লথ হয়ে যায়।

তবে সম্প্রতি বিবিসি নিউজনাইট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হওয়া ওই গোপন পরিকল্পনা নিয়ে কথা বলতে রাজি হয়নি ব্রিটিশ কর্তৃপক্ষ।

কিন্তু রিচার্ডের ভাষ্য হচ্ছে, তার ওই পরিকল্পনা আর কিছু না হলেও অন্তত সিরিয়ায় সাধারণ নাগরিকদের রক্তপাত কিছুটা কমাতে পারত।

রিচার্ডের পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসেসহ অন্যান্য নীতিনির্ধারকদের কাছেও গিয়েছিল। যদিও তা এখনো কার্যকর উদ্যোগের আওতায় আসেনি।
গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়ার জন্য ৫০ কোটি ডলারের তহবিল চেয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ওই প্রস্তাব রিচার্ডের পরিকল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে।

সিরিয়ার যুদ্ধে সরাসরি নিজ দেশের সামরিক বাহিনী নিয়ে অংশ নেয়ার পক্ষে ছিলনা পশ্চিমা দেশগুলো। আর সেকারণেই জর্ডান ও তুরস্ক ভিত্তিক বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয়ার চিন্তা করা হচ্ছিল।

বিদ্রোহীদের প্রশিক্ষণের কাজে ভিনদেশি মিত্রদেরও সংশ্লিষ্ট করতে পরামর্শ দিয়েছিলেন রিচার্ড।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরোধী সুন্নি জনগোষ্ঠী ও তার সেনাবাহিনীর মধ্যে তিন বছর ধরে ভারী অস্ত্রের যুদ্ধ চলছে। দেড় লাখেরও বেশি মানুষ এ যুদ্ধে প্রাণ হারিয়েছে।

আরব বসন্তের পথ ধরে যুদ্ধ শুরু হলেও সম্প্রতি তা ছড়িয়ে পড়েছে পাশের দেশ ইরাকেও। সিরীয় রণাঙ্গনের জঙ্গিরাই ইরাকের শিয়া প্রশাসনের কাছে দেশটির দেশটির উত্তরাঞ্চলের দখল নিয়েছে।