২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা প্রশ্নে গণভোট চায় ইরাকের কুর্দিরা

ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের স্বাধীনতা প্রশ্নে গণভোটের পরিকল্পনা করার জন্য পার্লামেন্টকে আহ্বান জানিয়েছেন কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এতে করে সুন্নি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া এবং ঐক্য সরকার গড়তে হিমশিম বাগদাদ সরকারের প্রতি বারজানি ধৈর্য্য হারাচ্ছেন বলেই আভাস পাওয়া যাচ্ছে।

সুন্নি বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে কুর্দিদেরকে ইরাক সরকারের পাশে দাঁড়ানোর যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে গণভোটের পরিকল্পনা করার এ পদক্ষেপ নিচ্ছেন কুর্দি প্রেসিডেন্ট।

১৯৯০ এর দশক থেকে তুলনামূলক শান্তির সঙ্গে শাসন পরিচালনা করে আসা ইরাকের ৫০ লাখ কুর্দি জনগোষ্ঠী সম্প্রতি কয়েক সপ্তাহে তাদের এলাকা ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। সুন্নি বিদ্রোহী তৎপরতার ফলে দেশ বিভক্ত হয়ে পড়ার হুমকির মধ্যে কুর্দিরা এ সুযোগ পেয়েছে।

কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানি স্বাধীনতা প্রশ্নে গণভোট করার জন্য আইনপ্রণেতাদেরকে একটি কমিটি গঠন করা এবং ভোটের জন্য একটি দিন নির্ধারণ করতে বলেছেন।

কুর্দি পার্লামেন্টের সমাপণী অধিবেশনে বারজানি বলেন, “আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরই নির্ধারণ করার সময় হয়ে এসেছে। এজন্য আমাদের এখন অন্য কারো ওপর নির্ভর করে বসে থাকার প্রয়োজন নেই”।

“এ কারণে আমি মনে করি প্রথমেই স্বাধীন একটি নির্বাচন কমিশন গঠন করা এবং তারপর গণভোটের প্রস্তুতি শুরু করা প্রয়োজন”। বারজানির এ বক্তব্য পরে টিভিতে প্রচার করা হয়।

বাগদাদে ইরাকের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়ার পর বারজানি এ গণেভোট পরিকল্পনার পদক্ষেপ নিলেন। শিয়ারা একটি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় কুর্দি ও সুন্নিরা পার্লামেন্ট অধিবেশন ছেড়ে চলে যাওয়ায় এক্য সরকার গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়।

ইরাকের কুর্দিরা বহুদিন ধরেই স্বাধীনতা ঘোষণার চেষ্টায় ছিল। এখন বাগদাদ সরকারের দুর্বল অবস্থান এবং দেশের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে সুন্নি সশস্ত্র দলগুলোর নিয়ন্ত্রণ জোরদারের মধ্যে কুর্দিদের সে আকাঙ্খা পূরণের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।