২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি’র বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, মার্কিন দূতকে তলব

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গুপ্তচরবৃত্তির তালিকায় ছিল- এমন খবরে দু’দেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jul 2014, 05:00 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

প্রতিবাদ জানাতে শীর্ষ এক মার্কিন কুটনীতিককে মন্ত্রণালয়ে তলব করেছে ভারত। ওদিকে, ভারতের এ পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলন বাতিল করেছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন।

দু’দেশের এ বিরোধে বুধবার ম্যাককেইনের ভারত সফরে কালো ছায়া পড়েছে। সংবাদ সম্মেলন স্থগিত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কূটনীতিকরা। তবে গোয়েন্দাগিরি নিয়ে সৃষ্ট বিতর্কের সঙ্গে এর সম্পর্ক নেই বলে উভয় পক্ষের দাবি।

ভারতের কর্মকর্তারা বলছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগ কোনোভাবেই মেনে নেয়া হবে না। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন।

এনএসএ ২০১০ সালে গুপ্তচরবৃত্তির তালিকায় বেশ কয়েকটি বিদেশি রাজনৈতিক দলের মধ্যে বিজেপি’কেও রেখেছিল বলে সোমবার নতুন তথ্য প্রকাশ করেন সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ বিষয়টি নিয়ে খবর ছাপে।

ভারতের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমরা আশা করি এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হবে। ঘটনা যদি সত্য হয়, এধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটার নিশ্চয়তা দিতে হবে।”

গত ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে ভারতের কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে গ্রেপ্তারের পর দুই দেশের সম্পর্কে অচলাবস্থা শুরু হয়েছিল। গৃহকর্মীকে ঠকানোর মামলায় দেবযানীকে পরে শিশু সন্তান রেখে ভারতে ফেরত যেতে হয়েছিল। কিছুদিন আগে নয়া দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদত্যাগর পেছনেও দেবযানীকাণ্ড কাজ করেছে বলে অনেকের ধারণা।

ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভ্রমণ ভিসার ওপরেও স্থগিতাদেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এক দশক আগে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় মোদির সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়।

তবে মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেরও আগ্রহ জানায় ওযাশিংটন। মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন কংগ্রেসের অধিবেশনে তার ভাষণ দেয়ার ব্যবস্থা করারও দাবি তোলেন কয়েকজন বিরোধী দলীয় এমপি।

ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ভারত সফরের কথা রয়েছে। তবে আগের কূটনীতিকের পদত্যাগের পর এখনো দিল্লিতে নতুন কাউকে নিয়োগ দেয়নি যুক্তরাষ্ট্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কূটনীতিক হিসেবে রয়েছেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স।