যুদ্ধবিরতি শেষের ঘোষণা পোরোশেঙ্কোর
পূর্ব নির্ধারিত সময়েই যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট প্রেত্রো পোরোশেঙ্কো।
পাশাপাশি পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইউক্রেইনের সরকারি বাহিনী নতুন অভিযান শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সরকারের মনোভাব তুলে ধরেন তিনি।
গত সপ্তাহে ইউক্রেইনীয় সরকার ঘোষিত একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সোমবার সকাল ১০টা পর্যন্ত নির্ধারণ করেছিলেন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো। বিছ্ন্নিতাবাদীদের শান্তি আলোচনার সুযোগ দেয়ার জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা এতে সাড়া দেয়নি।
তার ঘোষিত শান্তি পরিকল্পনা অনুসরণ না করা ও যুদ্ধবিরতির ব্যর্থতার জন্য রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করেছেন পোরোশেঙ্কো।
তিনি বলেন, “যুদ্ধিবিরতি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্তটি সন্ত্রাসীদের, জঙ্গিদের ও খুনিদের প্রতি আমাদের জবাব। আমরা আক্রমণ করে আমাদের ভূমি মুক্ত করবো।”
এপ্রিল থেকে ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশভাষী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর লড়াই চলছে।
পোরোশেঙ্কো বলেন, “শান্তি পরিকল্পনা কার্যকরের অনন্য সুযোগটি হারালো তারা। এটি জঙ্গিদের অপরাধমূলক পদক্ষেপের কারণেই হয়েছে। তারা শান্তিপরিকল্পনা সমর্থনে অনাগ্রহ প্রকাশ্যে ঘোষণা করে জানিয়েছে আর যুদ্ধবিরতি মেনে নেয়নি।”
এক বিবৃতিতে ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০ জুন যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ২৭ ইউক্রেনীয় সেনা নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।
