উত্তর ওয়াজিরিস্তানে স্থল অভিযান চালাচ্ছে সেনাবাহিনী
পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ’র আশপাশে সোমবার এ অভিযান শুরু হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক বিমান হামলার পর এ স্থল অভিযান শুরু হল। সেনাবাহিনী বিমান হামলায় ৩৭০ তালেবান জঙ্গি নিহত হওয়ার দাবি করলেও নিরপেক্ষ সূত্রে এর সত্যতা যাচাই করা যায় নি।
উত্তর ওয়াজিরিস্তান দীর্ঘদিন থেকেই জঙ্গিদের আশ্রয়স্থল। অভিযান শুরুর আগেই ওই এলাকা থেকে লোকজন সরে গেছে বলে ধারণা প্রকাশ করেছেন সংবাদদাতারা।
তালেবান জঙ্গিরা করাচিতে পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দরে জঙ্গি হামলার তিন সপ্তাহ পর এ অভিযান শুরু করল। ওই জঙ্গি হামলায় ৩০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি আস্তানাগুলোতে গত দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী।তাদের লক্ষ্যস্থলগুলোর মধ্যে আছে উজবেক জঙ্গি আস্তানাও। যে উজবেক জঙ্গিরা করাচি হামলার দায় স্বীকার করেছে।
সোমবারের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা এখন মিরানশাহ শহরে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে।তারা মাটির নিচে অনেক সুড়ঙ্গ এবং বিস্ফোরক ডিভাইস তৈরির কারখানার সন্ধান পেয়েছে।
