নির্বাচন পদ্ধতি পরীক্ষা শুরু থাই সেনাবাহিনীর
থাইল্যান্ডের নির্বাচন পদ্ধতি পরীক্ষা শুরু করেছে দেশটির ক্ষমতাসীন সেনাশাসিত সরকার।
২০১৫ সালের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে জান্তা সরকার প্রধান জেনারেল প্রায়ুথ চান-ওচা ঘোষণা দেয়ার পর সোমবার থেকে নির্বাচন পদ্ধতি পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী।
২২ মে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। এর আগে ছয়মাস ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়। এরই জেরে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ পরিষ্কার হয়।
৭ মে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে ইংলাক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সাংবিধানিক সরকার। পরে অস্থায়ী সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্থায়ী সচিব সুরাসক কাঞ্চনারাত জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং “যে সব গোষ্ঠী নির্বাচনী প্রতারণার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি নির্ধারণই সামরিক বাহিনীর প্রধান করণীয়।
এসব নিয়ে রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে সেনাবাহিনী।
এ বিষয়ে সুরাসক বলেন, “আমরা নির্বাচনের ক্ষেত্রে যে সব বাধা আছে তা নিয়ে ও দুর্নীতি নিয়ে কথা বলবো।”
জান্তা সরকার, দাপ্তরিকভাবে যাদের ‘দ্য ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডার’ বলা হচ্ছে, দেশটির সংবিধান স্থগিত করেছে।
জুলাইয়ের মধ্যে অস্থায়ী সংবিধান প্রস্তুত করা হবে বলে শুক্রবার জানিয়েছেন জান্তা প্রধান জেনারেল প্রায়ুথ।
