২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন-ইইউ বাণিজ্য চুক্তি সই

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইউক্রেইন। একইরকম চুক্তি সই করেছে জর্জিয়া এবং মলদোভাও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

ইউক্রেইনে কয়েকমাসের সহিংসতা ও অশান্তির মূলে ছিল এ চুক্তি। চুক্তিটি করার পরপরই দেশটিকে ‘মারাত্মক পরিণতি ভোগের’ হুমকি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার তীব্র আপত্তির মুখেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করে ইউক্রেইন, জর্জিয়া ও মালদোভা।

এ চুক্তির ফলে দেশ তিনটি পশ্চিমা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবে।

তিনটি দেশই তাদের মূল লক্ষ্য ইইউ এর সদস্যপদ বলে জানিয়েছে। কিন্তু ইইউ সম্প্রসরণ নিয়ে যারা উদ্বিগ্ন তাদের চাপের মুখে থাকার কারণে ব্রাসেলস এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো এ চুক্তি সইকে ইইউ ব্লকে যোগ দেয়ার প্রস্তুতিপর্বের শুরু হিসাবেই দেখছেন।

কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এবং ইইউ এর মধ্যে কোনো একটিকে বেছে নেয়ার বিষয়টি ইউক্রেইনকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে।

ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ গত নভেম্বরে ইইউ’র সঙ্গে চুক্তি না করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অনুকূলে কাজ করেছিলেন। তার এ পদক্ষেপের বিরুদ্ধেই রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান ইয়ানুকোভিচ।

এরপর পরই রাশিয়া ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। পাল্টা পদক্ষেপে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। ওদিকে, পূর্ব ইউক্রেইনজুড়ে শুরু হয় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ।