২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো মুক্তি পেলেন সুদানের মরিয়ম

সুদানে ধর্মান্তরিত হওয়ার অপরাধে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়া আলোচিত নারী মরিয়ম ইয়াহিয়া ইব্রাহিমকে গ্রেপ্তারের পর আবারো মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 03:15 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

বিবিসি বলছে, মুক্তি দেয়ার একদিন পর মঙ্গলবার তাকে রাজধানী খার্তুম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মরিয়ম ইব্রাহিমের আইনজীবী মুহান্নাদ মুস্তাফা জানিয়েছেন, মরিয়ম এখন দেশটির মার্কিন দূতাবাসে তার পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

তাকে পরিচয়পত্রে ভুয়া তথ্য দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

দেশটির আপিল আদালত তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়ার পর ২৩ জুন তিনি প্রথম মুক্তি পান।

ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

মঙ্গলবার স্বামী ড্যানিয়েল ওয়ানি ও দুই শিশুসন্তানসহ ২৭ বছর বয়সী মিসেস ইব্রাহিম সুদান ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ সুদানের ড্যানিয়েল একজন খ্রিস্টান ও মার্কিন নাগরিক।

মরিয়মের আইনজীবীর বরাতে রয়টার্স জানিয়েছে, সুদানে অবস্থান করার শর্তে তাকে (মরিয়ম) ছাড়া হয়েছে।

আইনজীবী মুস্তাফা বলেন, “একজন জামিনদার পাওয়ার পরিপ্রেক্ষিতে মরিয়মকে ছাড়া হয়েছে। কিন্তু তিনি অবশ্যই দেশত্যাগ করতে পারবেন না।”

কারাগার থেকে মুক্ত হয়ে বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মরিয়ম বলেন, “আমি সুদানের জনগণ ও পুলিশকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই তাদের যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন।”

সুদানের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম ধর্মাবলম্বী। সেখানে ১৯৮০’র দশক থেকে ইসলামি আইন চালু রয়েছে।

ধর্মান্তরিত হওয়ার অপরাধে সুদানের আইন অনুযায়ী, মে মাসে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দেয়া হয় মরিয়মের বিরুদ্ধে।

এই রায়ের ফলে দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়ে সুদানিজ কর্তৃপক্ষ।

মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক গোষ্ঠীর নজিরবিহীন চাপের মুখে মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে খালাস দেয়া হয় আলোচিত ওই নারীকে।

মুসলিম পিতার ঘরে জন্ম নেয়া মিসেস ইব্রাহিম ২০১১ সালে ওয়ানিকে বিয়ে করেন।

যদিও মরিয়ম একজন অর্থোডক্স খ্রিস্টান হিসেবে ধর্মান্তরিত হয়েছেন কিন্তু কর্তৃপক্ষ এখনো তাকে মুসলিম হিসেবেই গণ্য করে, কারণ তার বাবা একজন মুসলিম।