সোমালিয়ায় শান্তিরক্ষীদের হোটেলে আল শাবাবের হামলা
সোমালিয়ার মধ্যাঞ্চলে সোমালি সেনা ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের জেবুতির সেনাদের ব্যবহার করা একটি আবাসিক হোটেলে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।
বৃহস্পতিবার বুলবার্দে শহরের আমালো হোটেলে চালানো এ হামলায় তারা হোটেলের গেটের ভিতরে গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর পর গুলিবর্ষণ করে।
হামলার দায়িত্ব স্বীকার করেছে আল শাবাব। ৪ মাসের মধ্যে হোটেলটিতে এটি আল শাবাবের দ্বিতীয় হামলা।
হোটেলের পাশের দোকানদার ফারাহ নুর জানিয়েছেন, আল শাবাবের যোদ্ধার হোটেলের ভিতরে বিস্ফোরণ ঘটানোর পর গুলি বর্ষণ শুরু করে।
তবে ঘটনার পর কোনো হতাহতের কথা শোনেননি বলে জানিয়েছেন তিনি। সোমালি সেনা ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা এলাকাটি ঘিরে রেখেছে বলেও জানিয়েছেন তিনি।
এলাকার অন্য বাসিন্দারা জানিয়েছেন, তারা বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।
সোমিলিয়ায় কঠোর ইসলামি শরিয়া আইন জারি করতে চায় আল শাবাব। তারা সোমালিয়ার গ্রামাঞ্চলের অনেক এলাকা ও কয়েকটি ছোট শহর দখল করে নিয়ন্ত্রণে রেখেছে।
উগ্রপন্থী জঙ্গি এই গোষ্ঠীটি সোমালিয়া ছাড়াও প্রতিবেশী কেনিয়া ও উগান্ডায়ও হামলা চালিয়ে থাকে।
আল শাবাবের সামরিক অভিযান বিষয়ক মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেছেন, “আমাদের সশস্ত্র মুজাহিদিনরা আবার আমালো হোটেলে প্রবেশ করেছে। তারা সেখানে গুলিবর্ষণ করেছে।”
“ওই হোটেলে সোমালি ও জেবুতি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা থাকেন,” বলেন তিনি।
