২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২১

নাইজেরিয়ার রাজধানী আবুজার ব্যস্ত বিপণীবিতান এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় অন্ততপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫২ জন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:05 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

বুধবার আবুজার বুসে এলাকার বানেক্স প্লাজায় ঘটা এ বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডুলিতে আকাশ ছেয়ে যায় বলে জানিয়েছে বিবিসি।

কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

সম্প্রতি ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম আবুজাসহ দেশটির বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে।

আবুজা থেকে বিবিসি’র এক সাংবাদিক জানিয়েছেন, তিনি মাইমাতা ডিস্ট্রিক্ট হাসপাতালের মর্গে নারী ও পুরুষের ১২টি মৃতদেহ দেখেছেন।

হাসপাতালে চিকিৎসা নেয়া বেশিরভাগ আহতের মুখে, হাতে ও পায়ে আঘাত লেগেছে বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালে ছোট একটি ছেলেকে দেখেছেন তিনি, ছেলেটির কপাল থেকে রক্ত ঝরছিল আর সে তার মাকে খুঁজছিল। বিস্ফোরণে তার মা মারা গেছেন নাকি জীবিত আছেন, তা কেউ বলতে পারছিল না।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

বিস্ফোরণে বিপণীবিতানের বাইরে দাঁড় করিয়ে রাখা অনেক গাড়ি পুড়ে গেছে এবং বিপণীবিতানের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “আমি বিপণীবিতানের ভিতরে থাকার সময় মেঝে কাঁপতে দেখলাম। আমি বের হয়ে দেখলাম আমার গাড়ি চালক নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।”

বিস্ফোরণটি একটি বোমা হামলা ছিল বলে নিশ্চিত করেছেন সরকারি মুখপাত্র মাইক ওমেরি।

এপ্রিলে আবুজার উপকণ্ঠে বোকো হারামের অপর এক ভয়াবহ হামলায় ৭০ জন নিহত হয়েছিল।