আফগান সেনা-তালেবান লড়াইয়ে নিহত ১শ’
দক্ষিণ আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের পাঁচদিনের সংঘর্ষে অন্তত একশ’ জঙ্গি নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হেলমান্দ প্রদেশের সেনগিন জেলার পৃথক চারটি স্থানে গত পাঁচদিন ধরে সংঘর্ষে চলছে। এতে ২১ জন সেনা সদস্য ও ৩৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে।
সংঘর্ষের কারণে অন্তত দুই হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় আদিবাসী নেতারা জানান।
গত সপ্তাহেও হেলমান্দ প্রদেশে বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছিলেন। যুক্তরাজ্যের সেনারা সেখান থেকে নিজেদের চৌকি তুলে নিয়েছে।
মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়েছে আসছে দক্ষিণ আফগানিস্তানের সেনগিন জেলা। তালেবান জঙ্গিরাও সেখানে খুব শক্ত অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, “সেখানে তালেবান জঙ্গিদের বড় ধরনের একটি হামলা তাদের সশস্ত্র বাহিনী ব্যর্থ করে দিয়েছে। তালেবানের কাছে কোনো অঞ্চল বেদখল হয়নি।”
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, আটশ থেকে এক হাজার সশস্ত্র তালেবান সদস্য সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছিল।
