ইরাকে জুনে নিহত ১,০০০ মানুষ: জাতিসংঘ
জুনের শুরুতে ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া’ (আইএসআইএস) ও এর মিত্রদলগুলো ইরাকজুড়ে আগ্রাসী তৎপরতা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
দৈনিক এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন জারিকের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, ইরাকে জাতিসংঘের অ্যাসিসটেন্স মিশন (ইউএনএএমআই) জানিয়েছে, জুনে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
নিনেভে, দিয়ালা এবং সালাহ আল-দিন প্রদেশে অন্তত ৭৫৭ মানুষ নিহত এবং প্রায় ৬শ’ জন আহত হয়েছে বলে জানান জারিক।
পূর্ব ইরাকে ৫ থেকে ২২ জুনের মধ্যে ইউএনএএমআই এর প্রকাশিত নিহতের সর্বশেষ সংখ্যা উল্লেখ করে জারিক একথা বলেন। এর মধ্যে সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এবং বিচার বহির্ভুত হত্যাকাণ্ডও আছে।
জারিক আরো বলেন, “বাগদাদ ও দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে একই সময়ে নিহত হয়েছে ৩শ’র বেশি মানুষ। এদের বেশির ভাগই মারা গেছে গাড়িবোমা হামলায়”।
রাজধানী বাগদাদ এবং উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে অপহরণের ঘটনা চলছে বলেও জানানো হয়েছে জাতিসংঘ প্রতিবেদনে। এ মাসে ইরাকের মসুল শহরে ৪৮ জন তুর্কি নাগরিক এবং ৪০ জন ভারতীয় নাগরিক অপহৃত হয়েছে।
