ইউক্রেইনে আগ্রাসন থেকে পিছু হটলেন পুতিন
ইউক্রেইনে সামরিক আগ্রাসন চালানোর পদক্ষেপ থেকে পিছু হটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার তিনি ইউক্রেইনে সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা দিয়ে পাস করা আইন প্রত্যাহার করে নেয়ার জন্য রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষকে আহ্বান জানান বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।
পুতিনের প্রেস-সচিব বলেছেন, সংঘর্ষবিক্ষুব্ধ ইউক্রেইনের পূর্বাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এ আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
রুশ পার্লামেন্ট গত ১ মার্চ পুতিনকে ইউক্রেইনে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা দিয়ে আইন পাস করে। এরপর পুতিন ইউক্রেইনে সেনা পাঠানোকে রাশিয়ার অধিকার বলে দাবিও করেছিলেন। এখন সে অধিকারই পার্লামেন্টকে ফিরিয়ে নিতে বললেন তিনি।
পূর্ব ইউক্রেইন সঙ্কট সমাধানে পুতিনের সর্বশেষ এ পদক্ষেপটি ‘প্রথম বাস্তবসম্মত পদক্ষেপ’ বলেই বর্ণনা করেছে ইউক্রেইন। পুতিন কিয়েভের শান্তি পরিকল্পনায় সমর্থন দেয়ার পথ ধরেই এ পদক্ষেপ নিলেন বলে একটি বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো।
সেই মার্চে মস্কো ইউক্রেইনের ক্রিমিয়াকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়া নিয়ে দুপক্ষে উত্তেজনার পর এ সপ্তাহেই পোরোসেনকোর শান্তি ও যুদ্ধরিবতি প্রস্তাবে সাড়া দিয়েছেন পুতিন।
ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের পথ ধরে ওই অঞ্চলকে একীভূত করে নিয়েছিল রাশিয়া। এ প্রক্রিয়ায় জড়িত সেনাদের পরিচয় স্পষ্ট ছিল না। পুতিন প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন, ওইসব সেনা ছিল রাশিয়ার।
