২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনকাজে পাচারকালে যুক্তরাষ্ট্রে ১৬৮ শিশু উদ্ধার

সপ্তাব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গোপন অভিযান চালিয়ে যৌনকাজে পাচার করার অপেক্ষায় থাকা ১৬৮ শিশুকে উদ্ধার ও ২৮১ জন দালালকে গ্রেপ্তার করেছে এফবিআই।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

দেশব্যাপী পরিচালিত এ অভিযানের ফলাফল ঘোষণা করে এফবিআই’র পরিচালক জেমস কোমি বলেছেন, “আমাদের শিশুরা বিক্রির জন্য নয়।”

তিনি জানান, এ অভিযানে দেশের ১০০টি শহরের প্রায় ৪০০ আইন প্রয়োগকারী সংস্থা অংশগ্রহণ করেছে।

উদ্ধার করা শিশুদের মধ্যে কয়েকজনকে অনলাইনে “বিক্রি” করা হয়েছে বলে জানিয়েছেন এফবিআই’র কর্মকর্তারা।

উদ্ধার করা শিশুরা যুক্তরাষ্ট্রের শিশু এবং দূরের কোনো দেশের নয় বলে জানিয়েছেন কোমি।

“এটি আমাদের প্রথম অভিযান, তবে এটি শেষ নয়,” বলেন তিনি।

উদ্ধার করা শিশুদের মানসিক সহায়তা দেয়া হচ্ছে এবং তাদের স্বাস্থ্যগত দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এফবিআই জানিয়েছে, ১১ বছরে এ ধরনের ৮টি অভিযান চালিয়ে প্রায় ৩৬০০ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ১৪৫০টি মামলায় অভিযুক্তদের শাস্তি হয়েছে।

বিসিসি’র সাংবাদিক ডেভিড উয়িলস ওয়াশিংটন থেকে জানিয়েছেন, সাম্প্রতিক অভিযানে যে শিশুদের উদ্ধার করা হয়েছে তারা শিশুকল্যাণ প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানে ছিল এবং তারা হারিয়ে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানগুলো শিশুদের হারিয়ে যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ করেনি।

হারিয়ে যাওয়া ও অপব্যবহারের শিকার হওয়া শিশুদের বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিষ্ঠান এনসিএমইসি’র প্রধান নির্বাহী জন রায়ান বলেছেন, “তারাদের হারিয়ে যাওয়ার বিষয়ে কেউ অভিযোগ না করলে আমরা তাদের খুঁজে পাবো না।”