বৈরুতে আত্মঘাতী গাড়িবোমা হামলা
লেবাননের রাজধানী বৈরুতে একটি সেনা তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। গাড়িবোমার বিস্ফোরণে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মঙ্গলবার দিনের প্রথম প্রহরে ঘটানো এ বিস্ফোরণে অন্ততপক্ষে ১২ জন আহত হয়েছেন। তবে কেউ নিহত হয়েছেন কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ বৈরুতের শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়। এতে তল্লাশি চৌকির কাছের একটি ক্যাফেতে বিশ্বকাপ খেলা উপভোগরত লোকজন আহত হন।
প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবে লেবাননেও মুসলিমদের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গত সপ্তাহে লেবাননের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটালে এক পুলিশ নিহত ও অপর ৩০ জন আহত হন।
সুন্নি উগ্রপন্থীরা লেবাননের শিয়া এলাকাগুলোয় আগের হামলাগুলো চালিয়েছিল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের পাশাপাশি লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহর গেরিলারা দেশটির সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার কারণে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওই উগ্রপন্থীরা।
