২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিদ্রোহীরা শিশুদের যুদ্ধে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ

সিরিয়ার বিদ্রোহীরা শিশুদেরকে যুদ্ধে পাঠাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 08:50 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

সোমবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানায়, ইরাক সীমান্তজুড়ে একের পর এক শহরের দখল নিতে থাকা ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট’(আইএসআইএল) সিরিয়ায় ১৫ বছরের শিশুদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদেরকে আত্মঘাতী যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করছে।

এমনকি সিরিয়ার পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গ্রুপ ‘ফ্রি সিরিয়ান আর্মি’, আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট, দ্য ইসলামিক ফ্রন্ট কোয়ালিশন এবং কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোর নিরাপত্তা বাহিনীও শিশুদেরকে কাজে লাগাচ্ছে- এমন প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ।

প্রতিবেদন রচয়িতা যুদ্ধে ব্যবহার হওয়া ২৫ টি শিশুর হিসাব দিয়েছেন। লড়াইয়ে সহায়তা করার জন্য ১৪ বছরের শিশুদেরও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

তবে বিষয়টি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, অপহৃত হওয়া ছাত্রদের স্বজনরা তাদের সন্তানদেরকে আত্মঘাতী হামলায় ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে।

সিরিয়ায় ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন শুরুর পর থেকে তা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়।

যুদ্ধে কত শিশু লড়ছে তার সঠিক সংখ্যা জানাতে পারেনি এইচআরডব্লিউ। তবে সিরিয়ার এক পর্যবেক্ষণ গ্রুপ ২০১১ সালের সেপ্টেম্বরের পর থেকে দেশটিতে ১৯৪ টি বেসামরিক ছেলে শিশু মৃত্যুর হিসাব দিয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।