বিশ্বকাপ নিয়ে অবৈধ জুয়ার চক্র ভাঙলো পুলিশ
ফুটবল বিশ্বকাপ নিয়ে গড়ে ওঠা কয়েকশত মিলিয়ন ডলারের দুটি অবৈধ জুয়ার সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবী করেছে ম্যাকাও পুলিশ।
এ সিন্ডিকেট দুটোর মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ নিয়ে লাখ লাখ ডলারের অবৈধ বাজি ধরা হতো।
এ ঘটনায় জুয়ার আসরের জন্য মশহুর ওই চীনা শহরটির একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
বৃহস্পতি ও শুক্রবার, পরপর দুইদিন হোটেলটিতে অভিযান চালায় পুলিশ।
অবৈধ এই জুয়ারিরা টেলিফোন ও অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী বাজির্ এ ব্যবসা পরিচালনা করতো বলে জানিয়েছে পুলিশ।
প্রথম দিনের অভিযানে, হোটেলের তিনটি ঘর থেকে পরিচালিত জুয়ার সিন্ডিকেট আবিষ্কৃত হয়। ঘরগুলো থেকে বাজি ধরায় ব্যবহৃত স্লিপ, জুয়ার একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রচুর নগদ অর্থ উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা।
অভিযানে পাওয়া তথ্যে দেখা গেছে, একটি খেলার জন্য এক জুয়ারি ৫০ লাখ ডলার বাজি ধরেছিলেন।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা চীন, হংকং ও মালয়েশিয়ার নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
