সিরিয়ার বিদ্রোহী শহরে বিমান হামলায় নিহত ১৬
ইরাক সীমান্তের কাছে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) নিয়ন্ত্রিত একটি সিরীয় শহরে বিমান হামলা চালিয়েছে সিরীয় জঙ্গিবিমান।
শনিবারের এ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরো বহু লোক আহত হয়েছেন।
উত্তর ইরাকে আইএসআইএল বিস্ময়কর অগ্রগতি অর্জন করার পর সিরিয়ায় জঙ্গিগোষ্ঠিটির অবস্থানের ওপর হামলা জোরদার করেছে বাশার আল আসাদ সরকার।
ইরাক সীমান্ত থেকে ১শ’ কিমি দূরের বিদ্রোহী নিয়ন্ত্রিত মুহাসান শহরে পাঁচ দফা বিমান হামলা চালানো হয়। ইউফ্রেতিস নদীর তীরবর্তী শহরটির উপজাতি নেতারা আইএসআইএল’র অনুগত্য ঘোষণা করার একদিন পর এসব হামলা চালানো হয়।
ইরাকের সিরিয়া সীমান্তের এক সেনা চৌকিসহ আল কেইম শহর আইএসআইএল’র দখলে চলে যাওয়ার প্রায় একই সময়ে সীমান্তের ওপাশের সিরীয় শহর মুহাসান, আলবুলিল ও আলবুওমার দখল করে আইএসআইএল’র বিদ্রোহী জঙ্গিরা।
দুদেশের অন্তর্জাতিক সীমান্তকে অগ্রাহ্য করে এখানে শরিয়া ভিত্তিক একটি কট্টর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিদ্রোহী জঙ্গিরা।
সিরিয়ার দির আল জর শহরের সেনা বিমানবন্দর থেকে জঙ্গিবিমানগুলো উড়ে এসে আইএসএল নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও সিরীয় সরকার বিরোধী আন্দোলনকারীরা।
এ সময় আবু কামাল নিকটবর্তী ইরাকি সীমান্তের কাছে আইএসআইএল’র অবস্থানের ওপরও হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা।
আইএসআইএল’র সমর্থক মুহাসানের এক বাসিন্দা দাবী করেছেন, ইরাকের শিয়া নেতা মালিকি’কে (ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি) সহায়তা করার জন্যই এসব বিমান হামলা চালানো হয়েছে।
