২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি মানেনি রুশপন্থিরা

প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোর যুদ্ধ বিরতি উদ্যোগ উপেক্ষা করে শনিবার পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jun 2014, 01:26 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

রাতে তারা একটি বিমান ঘাঁটি দখল করারও চেষ্টা চালায় বলে সেনা বাহিনী অভিযোগ করে।

একদিন আগে শুক্রবার রাত ১০টা থেকে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। এই সময়ের মধ্যে রুশপন্থি বিদ্রোহীদেরকে অস্ত্র ত্যাগেরও নির্দেশ দেন তিনি। 

সেনা বাহিনীর একজন মুখপাত্র জানান, রুশপন্থি বিদ্রোহীরা মর্টার ও স্নাইপারের সাহায্যে সীমান্ত এলাকার এজভারেনো ও উজপেঙ্কা চৌকিতে হামলা চালায়। হামলায় অন্তত নয়জন সেনা কর্মকর্তা আহত হন।

এছাড়া বিদ্রোহীরা ডোনেস্ক শহরের কাছে আভদিইভকা এলাকার সেনা অবস্থানে বন্দুক ও রকেট লঞ্চার নিয়ে হামলা চালায়। এছাড়া আরো কয়েকটি এলাকায়ও হামলার ঘটনা ঘটে।

স্লোভিয়ানস্ক এলাকার নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহীরাও সেখানে গ্রেনেড ও মর্টারের সাহায্যে ইউক্রেইন সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট পোরোসেনকোর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির ঘোষণার পরের দিনই ডোনেস্কে অন্তত একশ রুশপন্থি নতুন করে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামার শপথ নিয়েছে। এতে অস্ত্র পরিত্যাগের প্রস্তাবে সাড়া মেলেনি বলেই মনে করা হচ্ছে।

ইউক্রেইনের সৈন্যরা আভদিয়েভকা বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ভারী অস্ত্রে সজ্জিত বিদ্রোহীদের দুটি হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পঞ্চশ জন বিদ্রোহী ওই হামলায় অংশ নিয়েছিল।

বিদ্রোহীনেতা পাভেল গুবারেভ একটি টেলিভিশনকে বলেন, সকালেও সেনা বাহিনী বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর অর্থ হচ্ছে সেনারা হয়তো প্রেসিডেন্টের কথা শুনছেন না। অথবা পোরোসেনকো মিথ্যা বলছেন।