বাদাইসহ ১৮৩ ব্রাদারহুড সদস্যের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়
এক বছর আগে মিশরের একটি থানায় হামলা চালানোর অভিযোগে মুসলিম ব্রাদারহুড প্রধান মোহাম্মেদ বাদাইসহ দলটির ১৮৩ নেতাকর্মীকে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দিয়েছে দেশটির একটি আদালত।
শনিবার রাজধানী কায়রোর দক্ষিণে মিনা শহরের একটি আদালতে এই রায় ঘোষণা করা হয়। তবে রায়ের বিরুদ্ধে মিশরের আপিল আদালতে আবেদন করার সুযোগ রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।
এর আগে এপ্রিলে এক গণবিচারের রায়ে ওই ঘটনায় অভিযুক্ত ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ওই রায় তখন বিশ্বব্যাপী মানবাধিকার গোষ্ঠীগুলোর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল।
শনিবারের রায়ে চার আসামির ১৫ থেকে ২৫ বছরের সাজা হয়। ৬৮৩ জনের মধ্যে বাকি আসামিদের খালাস দেয়া হয়।
অভিযুক্তরা ২০১৩’র ১৪ অগাস্ট মিনায় একটি পুলিশি থানায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ওই একই দিন কায়রোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকশত মুসলিম ব্রাদারহুড সদস্যও নিহত হয়েছিলেন।
অভিযুক্তদের আইনজীবী এই গণবিচারকে “নাটক” বলে মন্তব্য করে অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন।
গণবিচারের প্রাথমিক রায়ের পর ওই মৃত্যুদণ্ডাদেশ পর্যালোচনার জন্য মিশরের প্রধান মুফতির কাছে পাঠানো হয়েছিল। মুফতির মতামতের ভিত্তিতে প্রকাশ করা ওই রায় মিশরীয় বিচার ব্যব্স্থার প্রথম ধাপ।
বিবিসি’র প্রতিনিধি জানিয়েছেন, মামলাটি শেষ পর্যন্ত মিশরের আপিল আদালতে যেতে পারে।
এদিকে,২০১৩ সালে সংঘটিত এক প্রাণঘাতী সংঘর্ষে জড়িত থাকার দায়ে আরেকটি মামলার রায়ে বৃহস্পতিবার মোহাম্মদ বাদাইসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্ততপক্ষে এক হাজার সরকার বিরোধীকে সাজা দিয়েছে দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকার।
২০১৩’র জুলাইয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পথ ধরে নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী। তারপর থেকে ইসলামপন্থী সংগঠনটির বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করে সরকার।
