২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অ্যাসাঞ্জ

বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার পরিবারের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:53 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়া অ্যাসাঞ্জ বলেন, অজ্ঞাত ব্যক্তিরা তার সন্তান ও মাকে হুমকি দিচ্ছে।

বিবিসি জানিয়েছে, চারবছর ধরে তিনি (অ্যাসাঞ্জ) তাদের (পরিবার) দেখতে পারছেন না বলে অভিযোগও করেন।

সুইডেনের হাতে তুলে দেয়ার বিষয়টি এড়াতে দুই বছর ধরে অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন।

দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগে সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

অ্যাসাঞ্জ জানিয়েছেন, তার আইনজীবীরা তাকে উপদেশ দিয়েছেন, যদি তিনি রাজনৈতিক আশ্রয় ত্যাগ করেন তবে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার ‘গুরুতর ঝুঁকি’ রয়েছে।

তিনি বলেন, “চেলসি ম্যানিং-এর ক্ষেত্রে যা ঘটেছে তারপরও আমার আশ্রয় ত্যাগ করা হবে বোকামি”।

চেলসি ম্যানিং একজন মার্কিন সেনা যাকে উইকিলিকসকে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপননথি সরবরাহের অভিযোগে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

চেলসি ম্যানিং আগে ব্র্যাডলি নামে পরিচিত ছিলেন।

গোপননথিগুলো ফাঁসের পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশের সরকার বড় ধরনের বেকায়দায় পড়ে গিয়েছিল।