ইরাকে তেল শোধনাগারের দখল নিয়ে লড়াই
ইরাকে সবচে বড় তেল শোধনাগারের দখল নিয়ে লড়ছে সরকারি বাহিনী ও সুন্নি জঙ্গিরা।
নিরাপত্তা বাহিনী বাইজি শোধনাগারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা। তবে শোধনাগারে আটকা পড়া কর্মীরা বলছে, জঙ্গিরা এখনো ভেতরে আছে এবং থেমে থেমে সংঘর্ষ চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সুন্নি জঙ্গিদের ওপর বিমান হামলা করার কথা বিবেচনা করার সময়ে এ লড়াই চলছে।
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির দলের এক মুখপাত্র বিবিসি’কে বলেছেন, ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) ও তাদের সুন্নি মিত্ররা উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়ায় দেশের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সঙ্গে নেই বলেই বোধ করছেন।
আইএসআইএল জঙ্গিরা বাইজি শোধনাগারে বুধার ভোরে হামলা শুরু করে। বৃহস্পতিবার ইরাকের সামরিক বাহিনী জানায়, তাদের অভিযানে প্রায় ১শ’ জঙ্গি মারা পড়েছে।
লেফটেন্যান্ট জেনারেল কাশিম আত্তা এক সংবাদ সম্মেলনে বলেন, বাইজি তেল শোধনাগার নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং সন্ত্রাসীদের এ শোধনাগারকে হামলার লক্ষ্যবস্তু করার সব প্রচেষ্টা নস্যাৎ করে দেয়া হয়েছে।
তবে শোধনাগারে আটকা পড়া কর্মীরা বলছেন, জঙ্গিরা এখনো সেখানে আছে এবং তারা কয়েকটি তেলের ট্যাংকে আগুন দিয়েছে। শোধনাগারের বেশিভাগই জঙ্গিদের দখলে আছে। ভিডিও ফুটেজেও শোধনাগারের তেলের মজুদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং ভবনে উড়তে দেখা গেছে আইএসআইএল এর কাল পতাকা।
শোধনাগারের এক কর্মী জানান, “ইরাকি বাহিনী এখনো শোধনাগারের ভেতরে আছে এবং কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি শোধনাগারের কিছু জায়গায় আছে জঙ্গিরাও। কয়েকটি টাওয়ারও এখনো তাদের দখলে আছে”।
আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শোধনাগার ঘিরে কয়েকটি তল্লাশি কেন্দ্রেও জঙ্গিরা পাহারা দিচ্ছে।
