২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের যুদ্ধক্ষেত্রে ৪০ ভারতীয় অপহৃত

বিদ্রোহীদের দখলে চলে যাওয়া ইরাকের মসুল শহরে অপহৃত হয়েছে ৪০ ভারতীয় নাগরিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 09:34 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দাবি করা হচ্ছে, অপহৃতরা মসুলে নির্মাণকর্মী হিসেবে কাজ করছিল। তাদের জন্য এখনো কোনো মুক্তিপণ চাওয়া হয়নি।

অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালাতে ইতোমধ্যেই ইরাকে বিশেষ দূত পাঠিয়েছে ভারত। এছাড়া, তাদের অবস্থান জানতে চালু করেছে ২৪ ঘণ্টার হেল্প লাইন।

এর আগে মঙ্গলবারও তিকরিত শহরে আটকা পড়েছেন ভারতের ৪৬ নাগরিক যারা সেখানে হাসপাতালের সেবিকা হিসেবে কাজ করতেন।

শিয়া-সুন্নি বিরোধের পথ ধরে ইরাকের নূরি আল মালিকি প্রশাসনের নিয়ন্ত্রণ থেকে তিকরিত ও মসুল সুন্নি বিদ্রোহীদের দখলে চলে গেছে।

বাগদাদ অভিমুখী আইএসআইএল বিদ্রোহীদের সঙ্গে বিভিন্ন স্থানে লড়াইয়ে জড়িয়ে পড়েছে সেনা বাহিনী।

বুধবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আখবরুদ্দিন বলেন, মসুলে ইরাকের তারিখ নূর আল হুদা কোম্পানিতে কর্মরত ৪০ ভারতীয় অপহৃত হয়েছে।

তবে তিকরিতে অবরুদ্ধ নার্স সুস্থ্ আছেন বলে বিবিসি’কে জানিয়েছে। তাদের কেউ কেউ দেশে ফেরার চিন্তা করলেও অনেকে চাইছেন ইরাকের অপেক্ষাকৃত শান্ত এলাকায় অন্য চাকরি বেছে নিতে।